প্রকাশিত : রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ , দুপুর ১২:০২।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , দুপুর ০২:১০
রিপোর্টার : স্পোর্টস ডেস্ক

পাঁচ বছর ব্রাজিলের দায়িত্বে থাকতে আপত্তি নেই আনচেলত্তির


রিপোর্টার : natunkhabor

এক বছরের চুক্তিতে কাজ করা কোচদের জন্য বেশ বিরল। ব্রাজিলের দায়িত্বে কার্লো আনচেলত্তি বেছে নিয়েছেন সেই পথই। তবে সেই পথকে আগামী বিশ্বকাপ পেরিয়ে পরের বিশ্বকাপ পর্যন্ত নিতেও সমস্যার কিছু দেখছেন না ৬৬ বছর বয়সী কোচ। গত জুন থেকে শুরু হয়েছে ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির দায়িত্ব। মেয়াদ আগামী জুর-জুলাইয়ে বিশ্বকাপ পর্যন্ত।

তার কোচিংয়ে বিশ্বকাপ বাছাইয়ে চারটি ম্যাচ খেলে ব্রাজিল জিতেছে প্যারাগুয়ে ও চিলির বিপক্ষে, ড্র করেছে একুয়েডরের বিপক্ষে, হেরেছে সবশেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শেষ করেছে পঞ্চম হয়ে।

চড়াই-উৎরাইয়ের বিশ্বকাপ বাছাই শেষে এখন বিশ্বকাপের দিকে এগিয়ে যাওয়ার পালা। ইএসপিএন ব্রাজিলকে আনচেলত্তি বললেন, রোমাঞ্চ নিয়ে এই সময়টার অপেক্ষায় তিনি, “ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নেওয়াটা সবসময়ই দারুণ স্পেশাল কিছু।”

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপ শেষেও আনচেলত্তি দায়িত্বে থাকবেন কি না, প্রশ্ন আর কৌতূহল জাগতে শুরু করেছে এখনই। আনচেলত্তি নিজের দিকটা জানিয়ে রাখলেন স্পষ্ট করেই।

“এখানে এক বছরের চুক্তি করেছি আমি। বিশ্বকাপের পর সবকিছুই উন্মুক্ত। আমার বিশ্বাস ছিল, ওই সময়ে এক বছরের চুক্তি করাই আমার জন্য সবচেয়ে উপযুক্ত। সিবিএফ (ব্রাজিলিয়াণ ফুটবল কনফেডারেশনস) যদি আমাকে নিয়ে চালিয়ে নিতে চায়, কোনো সমস্যা নেই।”

“যা বলেছি, আমি এখানে খুশি আছি, আমার পরিবার খুশি। কাজেই এটা (মেয়াদ বাড়ানো) নিয়ে আমরা চিন্তা করতে পারি। এটা নিয়ে কথা বলার সময় আমাদের আছে। চালিয়ে যেতে আমার কোনো সমস্যা নেই। বরং ভালোই হবে (২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকতে)।” বিশ্বকাপ বাছাই শেষে আগামী মাসে এশিয়া সফরে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা ব্রাজিলের।